১৬ আগস্ট থেকে আয়ুষ্মান ভারত চালু রাজ্যে: বছরে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা, কারা পাবেন সুবিধা? – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচনী ‘সংকল্প পত্র’-এর দেওয়া কথা রেখে অবশেষে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে চলেছে কেন্দ্রের বিখ্যাত স্বাস্থ্যবিমা প্রকল্প ‘প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা’ (আয়ুষ্মান ভারত)। নতুন সরকার গঠনের পর থেকেই এই প্রকল্প চালুর জোর তৎপরতা শুরু হয়েছিল। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় প্রকল্প চালুর দিনক্ষণ ও সুবিধা নিয়ে বড় ঘোষণা করেছেন।
কবে থেকে এবং কী কী সুবিধা পাওয়া যাবে? স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট থেকেই রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে আয়ুষ্মান ভারত।
- চিকিৎসা সুবিধা: এই প্রকল্পের মাধ্যমে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে পরিবার পিছু প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে (Cashless) চিকিৎসা মিলবে।
- সদস্য সংখ্যা: পরিবারের সদস্য সংখ্যার ওপর কোনো বাধ্যবাধকতা নেই।
- হাসপাতালের তালিকা: রাজ্যের প্রায় ২,০০০টি হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, যার মধ্যে ১,৩০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি হাসপাতাল রয়েছে।
কারা পাবেন এই আয়ুষ্মান ভারতের সুবিধা? বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই সুবিধার আওতায় আসবেন। যেমন:
- ভূমিহীন ও দিনমজুর পরিবার।
- তফসিলি জাতি (SC) ও তফসিলি জনজাতি (ST) ভুক্ত পরিবার।
- যাঁদের পাকা বাড়ি নেই (কাঁচা বাড়ি বা এক কামরার বাসস্থান)।
- যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনো উপার্জনকারী পুরুষ সদস্য নেই।
যাঁরা পাবেন না, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’: যাঁরা কোনো কারণে সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্যতার মানদণ্ডে আসবেন না, কিন্তু আগে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের অন্তর্ভুক্ত ছিলেন—তাঁদের চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’ চালু থাকবে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৮০ লক্ষ পরিবারকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৬ আগস্ট থেকে রাজ্যের সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবায় এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে, যা নিয়ে সাধারণ নাগরিক ও পরিবারগুলির মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে।
