১৮৬৩ সালে পথচলা শুরু: নারীদের ক্ষমতায়নে ‘বামাবোধিনী’ পত্রিকা

উনিশ শতকের রক্ষণশীল বঙ্গ সমাজে নারীশিক্ষা ও মানসিক উন্নতির লক্ষ্যে ১৮৬৩ সালের অগস্ট মাসে প্রকাশিত হয় ‘বামাবোধিনী’ পত্রিকা। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় এই মাসিক পত্রিকাটি পর্দানশিন নারীদের জন্য নতুন দিগন্ত খুলে দেয়।

পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল নারীদের কুসংস্কারমুক্ত করা এবং গৃহস্থালির বাইরেও জ্ঞানচর্চার সুযোগ করে দেওয়া। শুরুতে এক হাজার কপি ছাপা হলেও চার দিনের মধ্যেই তা নিঃশেষ হয়ে যায়, যা এর বিপুল জনপ্রিয়তার প্রমাণ। এতে ধর্ম, ইতিহাস, বিজ্ঞান ও পারিবারিক চিকিৎসার মতো বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হতো। রাধারাণী দেবী, কাদম্বিনী বসু ও মানকুমারী বসুর মতো লেখিকারা নিয়মিত লিখতেন।

তবে নারী স্বাধীনতার বার্তা অনেক রক্ষণশীল পুরুষ মেনে নিতে পারেননি। অনেক পুরুষ লেখক ছদ্মনামে নারী-বিরোধী লেখা পাঠাতেন, যা পরে সম্পাদকরা শনাক্ত করেন। এরপর নারীদের লেখা যাচাই করে প্রকাশের নিয়ম চালু হয়। আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পত্রিকাটি দীর্ঘ ৬০ বছর টিকে ছিল।

১৮৮৮ সালে ২৫ বছর পূর্তি উপলক্ষে নারীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেশবচন্দ্র সেনের সঙ্গে মতপার্থক্যের জেরে এক বছর বন্ধ থাকলেও উমেশচন্দ্র দত্তের প্রচেষ্টায় তা পুনরায় চালু হয়। ১৯০৭ সালে উমেশচন্দ্রের মৃত্যুর পর বিভিন্ন সম্পাদকের হাত ঘুরে ১৯২৩ সালে ‘বামাবোধিনী’র প্রকাশনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। রক্ষণশীল সমাজে নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠা এই পত্রিকা আজও ইতিহাসের পাতায় এক অনন্য মাইলফলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *