১ বছর শান্তি না ভাঙার শর্তে জামিন! বিমান থেকে আটকের পর অবশেষে মুক্ত সিজেপি-র ৩ শীর্ষ নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পরিকল্পিত দিল্লি স্তব্ধ করার আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসার পথে শনিবার বিমান থেকে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। পাশাপাশি গুরুগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকেও আটক করা হয়। টানা নাটকীয়তার পর রবিবার দিল্লির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সিজেপি-র এই ৩ নেতাকে মুক্তি দেয়। তবে শর্ত দেওয়া হয়েছে, আগামী এক বছর তারা কোনোভাবেই শান্তিভঙ্গ করতে পারবেন না। একই সঙ্গে ইউটিউবার ধ্রুব রাঠিকেও ভোররাতে ছেড়ে দেওয়া হয়েছে।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়ে সিজেপি ও আইসা (AISA) এই বিশাল সমাবেশের ডাক দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারেরও বেশি পুলিশ ও আধিকারিক মোতায়েন করা হয় এবং ৩ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছিল। মেট্রো স্টেশন বন্ধ ও মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রেখে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা সত্ত্বেও সিজেপি ফের যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে। আইনের ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS)-এর ১২৬ ধারার অধীনে মুচলেকা দিয়ে ৩ নেতা ছাড়া পেলেও রাজধানীতে চরম রাজনৈতিক উত্তাপ এখনও জারি রয়েছে।
