২০০ কোটির এসজেডিএ দুর্নীতি: ১৫ বছরের অডিট আর অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্তের নির্দেশ! – এবেলা

২০০ কোটির এসজেডিএ দুর্নীতি: ১৫ বছরের অডিট আর অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্তের নির্দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (SJDA) বিরুদ্ধে ওঠা ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে এবার চরম পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। গত ১৫ বছরের সমস্ত আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে করা হবে স্পেশাল অডিট। পাশাপাশি, অভিযুক্ত আধিকারিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠন করা হবে বিশেষ তদন্ত কমিটি।

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে এসজেডিএ-র এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকের পর পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, “দুর্নীতিতে নেতা-মন্ত্রী কিংবা উচ্চপদস্থ আধিকারিক—যিনিই যুক্ত থাকুন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তদন্ত চালানো হবে।”

দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর জলক্করের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে পর্যটনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।

উন্নয়নের মেগা প্ল্যান: বিগত বোর্ডের আর্থিক অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পাশাপাশি শিলিগুড়ি ও জলপাইগুড়ির রূপরেখা বদলে দিতে ১০০ কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

  • পরিকাঠামো উন্নয়ন: বর্ষা শেষ হতেই রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, শ্মশানঘাট সংস্কার এবং আধুনিক আলো লাগানোর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
  • সীমানা সম্প্রসারণ: নাগরাকাটা ও ধূপগুড়ির মতো এলাকাগুলিকে এসজেডিএ-র অধীনে আনার জন্য নগর উন্নয়ন দপ্তরে আবেদন জানানো হচ্ছে।
  • বাণিজ্যিক হাব: শিলিগুড়ি বাস টার্মিনাসের উল্টোদিকে থাকা পুরনো এসজেডিএ ভবনটি ভেঙে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে তৈরি হবে একটি নতুন বাণিজ্যিক কমপ্লেক্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *