২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করে নবান্নে পাঠিয়েছে বিকাশ ভবন। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, আগামী বছর জনগণনার কাজের জন্য মাধ্যমিক পরীক্ষা প্রায় দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নবান্নের চূড়ান্ত অনুমোদনের পরই এই নতুন দিনক্ষণ কার্যকর করা হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ১৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার তিনদিন পর অর্থাৎ ১৯ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। দীর্ঘ সময় ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১৯ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিকের মাঝে সাত দিনের বিরতি রাখা হয়েছে। মূলত জানুয়ারি মাস থেকে শুরু হতে চলা জনগণনার কাজে শিক্ষকদের ব্যস্ততার কথা মাথায় রেখেই পরীক্ষার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার সময় শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতেই এই নতুন রুটিন তৈরি করা হয়েছে।
