২০ জুন রাজ্যজুড়ে মহাসমারোহে ‘পশ্চিমবঙ্গ দিবস’! তারকেশ্বরের মূল অনুষ্ঠানে মোদি-শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি: ক্ষমতার পালাবদলের পর এবার সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। আগামী ২০ জুন এই ঐতিহাসিক দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নবান্নের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই উদযাপনের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে হুগলির তারকেশ্বর, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মূলত ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভার ভোটে ভারতীয় অংশের বিধায়করা আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পক্ষে রায় দিয়েছিলেন। বিরোধী দলে থাকাকালীন গত কয়েক বছর ধরেই এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছিল বিজেপি। এবার রাজ্যের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকারিভাবে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী এবং আলোচনাসভার আয়োজন করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই ও পলিটেকনিক কলেজগুলিতেও বিশেষ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে থাকবে বিশেষ লেকচার এবং স্কুলগুলিতে আয়োজিত হবে বিতর্ক সভা ও প্রতিযোগিতা।
এই পুরো কর্মসূচি সফল করতে প্রতিটি জেলায় জেলাশাসকের (DM) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ‘জেলা-স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কলকাতা ও জেলার মূল অনুষ্ঠানগুলিতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
