২১৫ বছরের প্রাচীন কালীপুজো! শোল মাছ পোড়া ভোগ ঘিরে আজও প্রচলিত এক বিস্ময়কর লোককথা – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খড়ার শহরের পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় পরিবারের কালীপুজো এবার ২১৫ বছরে পদার্পণ করল। একসময় কয়েকজন বন্ধু মিলে খেলাচ্ছলে চাল-ডাল সংগ্রহ করে এবং মাটির প্রতিমা তৈরি করে এই পুজোর সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও পুজোর প্রাচীন রীতিনীতি আজও নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছেন পরিবারের সদস্যরা। নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো করে আসছে বন্দ্যোপাধ্যায় পরিবার।
এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হল শোল মাছ পোড়া ভোগ নিবেদনের অভিনব প্রথা। প্রচলিত লোককথা অনুযায়ী, একবার পুজো শেষে একটি শোল মাছ পোড়া হঠাৎ লাফিয়ে ওঠার পর দেবী স্বপ্নে প্রতিবছর তাঁকে শোল মাছ পোড়া ভোগ দেওয়ার নির্দেশ দেন। সেই বিশ্বাস থেকেই দেবীকে খিচুড়ি, এঁচোড়ের তরকারি ও বিশেষ শোল মাছ পোড়া নিবেদন করা হয়। নিরঞ্জনের আগে পরিবারের সদস্যরা রক্তিম সিঁদুর খেলায় মেতে ওঠেন, যা এই প্রাচীন পুজোর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
