২১ কোটির নগদ ও ৮১ কোটির মদ উদ্ধার, ঘুম কাড়ল কমিশনের তথ্য!

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে মডেল কোড অফ কন্ডাক্ট বলবৎ হওয়ার পর থেকে শুরু হয়েছে বিশেষ নজরদারি। এই নজরদারির অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা মোট ৪২৭ কোটি টাকার নগদ অর্থ ও বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে ২১ কোটি টাকা নগদ, ৩১ লক্ষ ৯৪ হাজার ৬২১ লিটার মদ (৮১ কোটি টাকা), ১০০ কোটি টাকার মাদক, ৫৪ কোটি টাকার দামী ধাতু এবং ১৭২ কোটি টাকার অন্যান্য সামগ্রী রয়েছে।
একই সময়ে তামিলনাড়ুতে ৭৮ কোটি টাকা নগদ অর্থসহ মোট ৪৩৮ কোটি টাকার বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রশাসনকে মডেল কোড অফ কন্ডাক্ট কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে।
