২১ কোটির রাজকীয় ফ্ল্যাট কিনলেন শুভমন গিল তবে এখনই হচ্ছে না গৃহপ্রবেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের দামামা বাজার আগেই বড়সড় ধামাকা দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় শুভমন গিল। মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এক বিশাল অংকের বিনিময়ে নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। জুহুর তারা রোডে একটি নির্মীয়মান বিলাসবহুল আবাসনে চোখধাঁধানো ফ্ল্যাট কিনে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে।
জানা গেছে, চলচ্চিত্র প্রযোজক ভাশু ভাগনানি এবং জ্যাকি ভাগনানির সংস্থা ‘পূজা লেজার অ্যান্ড লাইফস্টাইল’-এর কাছ থেকে এই সম্পত্তিটি কিনেছেন শুভমন। ১৬ তলার সেই অভিজাত বহুতল ‘পূজা লুমিনেয়ার’-এর ১২ তলায় হবে গিলের ডেরা। এই ডিল চূড়ান্ত করতে শুভমনকে খরচ করতে হয়েছে ২০ কোটি ৭০ লাখ টাকা। এর বাইরে স্ট্যাম্প ডিউটি বাবদ তিনি দিয়েছেন আরও ১ কোটি ২৪ লাখ টাকা। হিসাব বলছে, প্রতি বর্গফুটের জন্য গিলের পকেট থেকে খসেছে প্রায় ৬১,৪৪২ টাকা।
তবে মুম্বইয়ে নিজের এই নতুন প্রাসাদে পা রাখতে এখনই পারছেন না শুভমন। ক্রিকেট প্রেমীদের জন্য খবর হলো, গৃহপ্রবেশের জন্য তারকা ব্যাটারকে অপেক্ষা করতে হবে অন্তত আরও তিন বছর। কারণ আবাসনটির নির্মাণ কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছে এবং পুরো প্রকল্প শেষ হতে ২০২৯ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
বর্তমানে শুভমনের পুরো নজর আইপিএলের দিকে। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য। আগামী ৩১ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মরসুম শুরু করতে চলেছেন গিল। মাঠের লড়াই শুরুর আগে ২১ কোটির এই বিনিয়োগ শুভমনের ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত গ্ল্যামারেও যে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।
