২৭ হাজার কোটির হাইওয়ে প্রকল্প, ২৬ নভেম্বর কোলাঘাটে আসছেন নিতিন গডকড়ি
November 24, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি আগামী ২৬ নভেম্বর কোলাঘাটে আসছেন। এই সফরে তিনি রাজ্যের জন্য প্রায় ২৭ হাজার কোটি টাকার একাধিক জাতীয় সড়ক প্রকল্পের ঘোষণা করবেন।
অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও, নতুন করে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করা হবে।
এই বিশাল বিনিয়োগ রাজ্যের সড়ক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সড়ক প্রকল্পের পাশাপাশি ওই দিন চারটি গুরুত্বপূর্ণ সেতুরও উদ্বোধন করবেন মন্ত্রী। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের নরঘাটের মাতঙ্গিনী সেতু অন্যতম। এই প্রকল্পগুলি রাজ্যের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে এবং যাতায়াত সহজ ও দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।
