২ লাখের টিকিটে গারবা নাচ! ফাল্গুনী পাঠকের নবরাত্রি উৎসবের আকাশছোঁয়া দাম ঘিরে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ে আসন্ন নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে উন্মাদনার পারদ চড়লেও ‘গারবা কুইন’ ফাল্গুনী পাঠকের আয়োজন ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে ‘নবরাত্রি উৎসব ২০২৬’-এর আসর। সম্প্রতি সাধারণ টিকিট বিক্রি শুরু হতেই প্রকাশ পায় টিকিটের বিপুল মূল্য। একদিনের সাধারণ টিকিটের দাম ২,২০০ টাকা (কর বাদে) থেকে শুরু হলেও, সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ২.০৪ লক্ষ টাকার বিশেষ প্রিমিয়াম ‘পড প্যাকেজ’ নিয়ে। এই প্যাকেজে সর্বোচ্চ ১২ জন প্রবেশ করতে পারবেন এবং সঙ্গে মিলবে ১০,০০০ টাকার খাদ্য ও পানীয়ের সুবিধা। এছাড়া সমগ্র উৎসবের সিজন পাসের দাম রাখা হয়েছে ২০,০০০ টাকা।
এমন আকাশছোঁয়া টিকিটের দাম প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। সাধারণ নেটিজেন ও অনুরাগীদের একাংশ এই পদক্ষেপকে ‘দিনের আলোয় ডাকাতি’ এবং ‘চরম পুঁজিবাদ’ বলে তীব্র কটাক্ষ করছেন। সমালোচকদের মতে, নবরাত্রি ও গারবা মূলত একটি সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক উৎসব। টিকিটের এই বিপুল মূল্যের কারণে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে, যা উৎসবের মূল চেতনাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সব মিলিয়ে উৎসবের আনন্দ শুরুর আগেই টিকিটের দাম ঘিরে জলঘোলা অব্যাহত।
