৪৭ বছরের ইতিহাসে রেকর্ড! এক বছরে দেশে প্রাণ হারাল না একজনও সিআরপিএফ জওয়ান, স্যালুট মোদির – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের ভূমিকা সর্বদাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারত থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর কিংবা মাওবাদী উপদ্রুত এলাকা—সব জায়গাতেই লাগাতার চ্যালেঞ্জের মুখে পড়েও সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছে এই বাহিনী। তবে গত ১২ মাসে একাধিক সফল অভিযানে অংশ নিলেও সিআরপিএফের কোনো জওয়ানের প্রাণহানির ঘটনা ঘটেনি। বাহিনীর ৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এমন রেকর্ড তৈরি হলো, যা এক কথায় নজিরবিহীন। গত এক বছরে দেশের সুরক্ষায় নিয়োজিত এই জওয়ানদের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল এই সাফল্যকে স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সিআরপিএফের ডিজি জিপি সিং জানিয়েছেন, শেষবার ২০২৫ সালের ৩০ অক্টোবর অভিযানের সময় মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছিল। এরপর দীর্ঘ ১২ মাস কেটে গেলেও হতাহতের সংখ্যা সম্পূর্ণ শূন্য রয়েছে। বাহিনীর এই দুর্দান্ত সাফল্যের নেপথ্যে রয়েছে উন্নত কৌশলগত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এস পি বৈদ্যও বাহিনীর এই অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, বর্তমানে জওয়ানরা আধুনিক বুলেটপ্রুফ হেলমেট, জ্যাকেট এবং সুরক্ষিত যানবাহনে সজ্জিত থাকায় স্পর্শকাতর এলাকাগুলিতে অভিযান পরিচালনা করার সময় তাঁদের সুরক্ষা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
