৫০ হাজার টাকা চাঁদার দাবি না মেটানোয় তাণ্ডব, অবশেষে পুলিশের খাঁচায় পুজো কমিটির সভাপতি! – এবেলা

৫০ হাজার টাকা চাঁদার দাবি না মেটানোয় তাণ্ডব, অবশেষে পুলিশের খাঁচায় পুজো কমিটির সভাপতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঙালির উৎসবের মরশুমে ফের সামনে এল পুজোয় চাঁদার নাম করে জুলুমবাজির ভয়ঙ্কর ছবি। নতুন বাড়ি তৈরির অপরাধে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক পরিবারকে হুমকি ও মারধরের ঘটনায় উত্তাল উত্তর ২৪ পরগনার অশোকনগর। বিজয়া ফার্মেসি এলাকার বাসিন্দা সরিতা চট্টোপাধ্যায়ের পরিবারের অভিযোগ, গত শুক্রবার চাঁদার দাবিতে তাঁদের ওপর চড়াও হন সুহৃদ সঙ্ঘের পুজো কমিটির সভাপতি বাবলি ভদ্র ও তাঁর অনুগামীরা। ঘটনার ভিডিও তুলতে গেলে সরিতার স্বামী দীপেন্দু আচার্যকে মারধর করা হয় এবং ধাক্কাধাক্কিতে তাঁদের দু’বছরের সন্তানও মাটিতে পড়ে গিয়ে জখম হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার পর শনিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে বুধবার অভিযুক্ত বাবলি ভদ্রকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। এদিনই তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুজো কমিটির সভাপতির বিরুদ্ধে এর আগেও একাধিকবার জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। উৎসবের মুখে পুজো অনুদান বা ক্লাবের প্রশাসনিক নজরদারির মাঝেও চাঁদার দাবিতে এমন দৌরাত্ম্যের ঘটনায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *