৫৭ বছর পর ছেলে হত্যার অভিযোগে ৯২ বছরের বৃদ্ধা অভিযুক্ত

আমেরিকার টেক্সাসে ৫৭ বছর আগের এক হত্যাকাণ্ডের ঘটনায় ৯২ বছর বয়সী হ্যারিয়েট নামে এক বৃদ্ধাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, ১৯৬৯ সালে তিনি তার পাঁচ বছরের ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিলেন।
শিশুটির ওপর দীর্ঘ চার বছর ধরে শারীরিক নির্যাতন চলেছিল, যার ফলে সে কোমায় চলে যায় এবং ২৫ নভেম্বর, ১৯৬৯ সালে তার মৃত্যু হয়। এত বছর পর নতুন করে তদন্ত শুরু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় হ্যারিয়েটের স্বামী জেমস ফ্লেচার হল র্যান্ডলফ এয়ার ফোর্স বেসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী শিশুর ভাই জেমস র্যান্ডাল হল এই মামলার অভিযোগকারী। তিনি দীর্ঘ সময় ধরে কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং ২০২৪ সালে তদন্তকারীদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
হ্যারিয়েট ছেলের মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। প্রথমে তিনি দাবি করেন ছেলেটি পড়ে গিয়ে আহত হয়েছিল, পরে দুর্ঘটনার কথা অস্বীকার করেন। বর্তমানে হ্যারিয়েটকে বেক্সার কাউন্টিতে আটক রাখা হয়েছে এবং তার জামিনের জন্য ৫ লক্ষ ডলার বন্ড ধার্য করা হয়েছে।
টেক্সাস রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। অভিযুক্ত বৃদ্ধাকে কমলা রঙের জাম্পস্যুট পরা অবস্থায় পুলিশের ছবিতে দেখা গেছে। দীর্ঘ কয়েক দশক পর এই মামলার আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় ন্যায়বিচারের আশায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।
