৫ কোটি টাকা উদ্ধারের মামলায় সিআইডি দপ্তরে হাজিরা দিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল

৫ কোটি টাকা উদ্ধারের মামলায় সিআইডি দপ্তরে হাজিরা দিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল

কলকাতার এক ম্যানেজারের কাছ থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানায় রুজু হওয়া এই মামলার তদন্তভার বর্তমানে সিআইডির হাতে রয়েছে। উদ্ধার হওয়া বিপুল অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেই গোয়েন্দারা তাঁকে তলব করেছিলেন।

দীর্ঘদিন হাজিরা এড়ানোর পর টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেয়েছেন, যার মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পুলিশের মূল এফআইআর-কে চ্যালেঞ্জ করে আইনি সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন।

শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে দেওয়া প্রয়োজন। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় রাজ্যের আবেদন মঞ্জুর করে জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। আপাতত সিআইডির তদন্ত প্রক্রিয়া ও আদালতের নির্দেশের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *