৫ মাস বন্ধ থাকার পর খুলল সল্টলেকের রাস্তা, বিপাকে যাত্রীরা! আবার নতুন করে শুরু সংস্কার – এবেলা

৫ মাস বন্ধ থাকার পর খুলল সল্টলেকের রাস্তা, বিপাকে যাত্রীরা! আবার নতুন করে শুরু সংস্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

সৌমিত্র সেনগুপ্ত, বিধাননগর: সংস্কারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সল্টলেকের ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড যাওয়ার একদিকের লেনটি অবশেষে খুলে দেওয়া হয়েছে। বিগত পাঁচ মাস ধরে চলা কাজের জেরে রাস্তাটি বন্ধ থাকায় তীব্র ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের কারণে কাজ সাময়িকভাবে থমকে যাওয়ায় এই বিলম্ব ঘটে বলে জানিয়েছে পুরসভা। প্রথম লেনের কাজ সম্পন্ন করে কংক্রিটের ব্লক বসানোর পর শনিবার যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। তবে স্বস্তি মিললেও পুরোপুরি স্বস্তিতে নেই সাধারণ মানুষ।

প্রথম লেনের কাজ শেষ হতে না হতেই এবার উল্টোদিকের অর্থাৎ অনিন্দিতা আইল্যান্ড থেকে ১৩ নম্বর ট্যাংকমুখী লেনটি বন্ধ করে শুরু হয়েছে নতুন সংস্কারের কাজ। বেহাল এই অংশটিতেও দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বিধাননগর পুরসভা। প্রসঙ্গত, শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে সল্টলেকসহ গোটা বিধাননগরে ১৯৩টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সল্টলেকের ২২টি গুরুত্বপূর্ণ রাস্তায় কংক্রিটের ব্লক বসানোর কাজ চলছে। দুর্গাপুজোর আগেই এই সমস্ত কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *