৫ সন্তানের জননী বেছে নিলেন নতুন স্বামী, ক্ষোভে মাকে খুন করল বড় ছেলে – এবেলা
এবেলা ডেস্কঃ
নূঁহ (হরিয়ানা): সোমবার নূঁহর পিনাগওয়ায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী এক নারীকে তাঁরই বড় ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। জানা গেছে, প্রথম পক্ষে ওই নারীর ৫টি সন্তান ছিল। তবে পারিবারিক বিবাদ বা ব্যক্তিগত কারণে প্রায় দুই সপ্তাহ আগে স্বামী ও সন্তানদের ছেড়ে পিনাগওয়ায় অন্য একজনকে বিয়ে করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি।
গ্রামবাসীদের দাবি, মায়ের এই সিদ্ধান্তে ওই যুবক অত্যন্ত ক্ষুব্ধ ছিল। সমাজে কলঙ্ক এবং লোকলজ্জার ভয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ঘটনার দিন যুবকটি তার মায়ের নতুন ঠিকানায় গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা দ্রুত সহিংস রূপ নেয়।
উপুর্যুপরি ছুরিকাঘাত ও মৃত্যু
পুলিশের তথ্য অনুযায়ী, কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় পকেট থেকে ছুরি বের করে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলেটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রোশ মেটানো পর্যন্ত সে নারীর হাত ও পায়ে বারবার ছুরিকাঘাত করতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
তদন্তে পুলিশ
পিনাগওয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

