৭২ ঘণ্টার মধ্যে ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! মৃত্যুপুরী নেপালে ফের বড় বিপদের ঘণ্টা? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত নেপালে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন, নিখোঁজ প্রায় ১৬০০। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নেপাল-তিব্বত সীমান্তে। চিনের জলসম্পদ মন্ত্রকের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে একটি হিমবাহ হ্রদ। ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে অবস্থিত এই হ্রদে ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমেছে এবং তা উপচে পড়তে শুরু করেছে। আগামী তিন দিনে এতে আরও ৩০ লক্ষ ঘনমিটার জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অতিরিক্ত জলের চাপে এই হ্রদ ভেঙে ফের ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কাঠমান্ডু।
এই দুর্যোগের জেরে স্থানীয় নাগরিকদের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছেন বহু পর্যটক। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এদিকে, কাঠমান্ডুর এই পরিস্থিতির জন্য চিনকে দায়ী করা হলেও বেজিং সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। চিনা কর্তৃপক্ষের দাবি, পারস্পরিক সহযোগিতা দিয়েই জীবন বাঁচানো সম্ভব, দোষারোপ করে নয়। তবে ওয়াকিবহাল মহলের মতে, বেজিঙের সঙ্গে সুসম্পর্কের খেসারত কি তবে এভাবেই চোকাতে হচ্ছে নেপালকে?
