৭৭৯ পদকের মহাকাব্য: এশিয়ান গেমসের মঞ্চে কোন খেলা ভারতের সবচেয়ে বড় শক্তি? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 11, 20269:33 am
১৯৫১ সালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকেই সূচনা হয়েছিল এশিয়ান গেমসের। ভারত এ পর্যন্ত দু’বার (১৯৫১ ও ১৯৮২ সালে) এশিয়ান গেমসের স্বাগতিক দেশ হওয়ার গৌরব অর্জন করেছে। সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে এশিয়ান গেমসের মঞ্চে ভারতের অংশগ্রহণের ব্যাপ্তি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে পদকের সংখ্যা ও সাফল্যের গ্রাফ।
শীর্ষে চীন, প্রথম আসরেই দ্বিতীয় হয়েছিল ভারত
এশিয়ান গেমসের ইতিহাসে ৩,৫৭০টি পদক (১,৬৭৪টি সোনা) নিয়ে তালিকায় একক আধিপত্য বজায় রেখেছে চীন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান (৩,০০০-এর বেশি পদক) এবং দক্ষিণ কোরিয়া (২,৪০০-এর বেশি পদক)।
তবে ভারতের ইতিহাসও কম উজ্জ্বল নয়। ১৯৫১ সালে উদ্বোধনী আসরেই ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে ভারত ১৫টি সোনা, ১৬টি রূপো ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে তালিকার দুই নম্বরে শেষ করেছিল।
২০২৩-এ ইতিহাস: প্রথমবার শতক পার
বিগত দশকগুলোতে পদকসংখ্যা উঠানামা করলেও ২০২৩ সালের আসরটি ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেবার প্রথমবারের মতো ভারত ১০০ পদকের মাইলফলক অতিক্রম করে। ২৮টি সোনা, ৩৮টি রূপো ও ৪১টি ব্রোঞ্জসহ মোট ১০৭টি পদক নিয়ে সেরা পারফরম্যান্স উপহার দেয় ভারত। এর আগে ২০১৮ সালে ৭০টি, ২০১০ সালে ৬৫টি এবং ১৯৮২ সালে ৫৭টি পদক এসেছিল দেশের ঝুলিতে।
পদক তালিকায় কোন খেলায় দাপট সবচেয়ে বেশি?
এশিয়ান গেমসের ইতিহাসে ভারত এ পর্যন্ত মোট ৭৭্থটি পদক জিতেছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি সাফল্য এসেছে অ্যাথলেটিক্স থেকে।
- অ্যাথলেটিক্স: মোট ২৮৩টি পদক (৮৫টি সোনা, ১০২টি রূপো, ৯৬টি ব্রোঞ্জ)।
- শুটিং: মোট ৮০টি পদক (১৬টি সোনা, ৩০টি রূপো, ৩৪টি ব্রোঞ্জ)।
- কুস্তি (Wrestling): মোট ৬৫টি পদক (১১টি সোনা, ১৫টি রূপো, ৩৯টি ব্রোঞ্জ)।
- বক্সিং: মোট ৬২টি পদক (৯টি সোনা, ১৭টি রূপো, ৩৬টি ব্রোঞ্জ)।
- টেনিস: মোট ৩৪টি পদক (১০টি সোনা, ৭টি রূপো, ১৭টি ব্রোঞ্জ)।
এছাড়াও রোয়িংয়ে ২৮টি এবং সেলিংয়ে ২৩টি পদক নিয়ে এশিয়ান গেমসে ভারত নিজেদের অলরাউন্ড ক্রীড়াশক্তির পরিচয় দিয়ে আসছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পাশাপাশি অন্যান্য নতুন ইভেন্টেও ধারাবাহিক সাফল্যই ভারতকে এশিয়ার ক্রীড়া মানচিত্রে আরও শক্ত অবস্থানে তুলে ধরছে।
