৮৪ বছর পরও কেন আজও এত তাৎপর্যপূর্ণ ১৯৪২-এর এই ঐতিহাসিক দিনটি? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৯ আগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯৪২ সালের এই দিনে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলন। এই আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে দেশের অদম্য স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব এবং সর্বোচ্চ আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্মরণ করেছেন সেই দিনগুলোকে, যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সমগ্র দেশবাসী ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্রে দীক্ষিত হয়ে একজোট হয়েছিল।
ঐতিহাসিক এই বার্ষিকী পালনের পাশাপাশি আজ রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি অবস্থার সময় কারাবাস ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের সম্মান জানাতে ‘পশ্চিমবঙ্গ গণতন্ত্র যোদ্ধা সম্মাননা প্রকল্প’-এর সূচনা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের গণতন্ত্র-যোদ্ধাদের আজীবন মাসিক ১০ হাজার টাকা সম্মানমূল্য এবং এক হাজার টাকা চিকিৎসা-সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং রাষ্ট্রায়ত্ত গণপরিবহণে বিনামূল্যে যাতায়াতের মতো সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে তাঁদের।
