‘৯৮% দাবি পূরণ’ হেমন্তের সরকারের দাবি, তবু কেন বিধানসভা যাত্রা? – এবেলা

এবেলা ডেস্কঃ
সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে চূড়ান্ত রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনকারী পড়ুয়াদের প্রায় ৯৮ শতাংশ দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে দুর্নীতির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন প্রতিবাদী শিক্ষার্থীরা। রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক দফার বৈঠক ভেস্তে যাওয়ার পর সোমবার ঝাড়খণ্ডে পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা।
পরিস্থিতি মোকাবিলায় রাজধানী রাঁচিতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর আগে রাঁচির সরকারি অতিথিশালায় আন্দোলনকারীদের সঙ্গে সরকারপক্ষের বৈঠক হলেও কোনো সমাধানসূত্র মেলেনি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্যপালের তরফে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতারা। এদিকে সিআইডি তদন্তের পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগে ইডি তদন্তের প্রস্তাব এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিয়েছে সরকার। তবে কোনো আশ্বাসে না ভুগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রবিক্ষোভ ও বিধানসভা অভিযান সফল করার সিদ্ধান্তে অটল রয়েছেন আন্দোলনকারীরা।
