বিডিও অফিসে তাণ্ডব: ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে ফরাক্কায় সরকারি দফতরে ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করার জন্য মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে (DEO) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট তলব করেছে কমিশন।
ঠিক কী ঘটেছিল?
ভোটার তালিকায় নাম সংশোধন ও নথি যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে— এই অভিযোগে সরব হন বিধায়ক মনিরুল ইসলাম। তাঁর দাবি ছিল, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এই ইস্যুতে তাঁর নেতৃত্বেই ফরাক্কার বিডিও অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই সময় দফতরে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ ওঠে।
তৈরি হয়েছে নতুন বিতর্ক
ঘটনার পর গ্রেফতার হওয়া ছয় অভিযুক্তকে বুধবার জামিন দিয়েছে জঙ্গিপুর আদালত। জেল থেকে মুক্তি পাওয়ার পরই তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন। সরকারি দফতরে হামলার অভিযোগে ধৃতদের এই রাজকীয় অভ্যর্থনা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
বিডিও অফিসের রিপোর্ট এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করেই শেষ পর্যন্ত বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কড়া নির্দেশ দিল কমিশন।

