নির্বাচন কমিশনে মমতা: মৃত ভোটারদের পরিবার নিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে জটিলতার মধ্যেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, তালিকায় অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি নির্বাচন কমিশনে দরবার করতে পারেন। বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কায় শুরু থেকেই সরব তৃণমূল নেত্রী এবার জাতীয় স্তরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
সংসদ অধিবেশন চলাকালীন এই সফরে বিজেপি-বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সফরসূচির কারণে পিছিয়ে যেতে পারে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ইস্যুটিকে কেন্দ্র করে দিল্লিতে একটি বৃহত্তর রাজনৈতিক মঞ্চ তৈরির কৌশল নিচ্ছে ঘাসফুল শিবির। ভোটারদের হয়রানি রুখতে এবার সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপে অনড় মমতা।

