লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বামেদের বেশি ভাতার প্রতিশ্রুতি, মমতাকে তোপ সেলিমের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পকে দুর্নীতির ‘সামান্য জরিমানা’ এবং কেরলের প্রকল্পের ‘টুকলি’ বলে অভিহিত করেন। সেলিমের দাবি, কাটমানি ও দুর্নীতি বন্ধ করলে বর্তমান ভাতার চেয়ে অনেক বেশি টাকা মহিলাদের দেওয়া সম্ভব।

বামেরা ক্ষমতায় এলে তামিলনাড়ু বা কেরলের মডেলে মহিলাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি জানান। সেলিমের মতে, তৃণমূল ও বিজেপি উভয়ই ভয়ের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আলিমুদ্দিন স্ট্রিট এবার বিকল্প যাতায়াত ব্যবস্থা ও স্কুলছুট কমানোর মতো সামাজিক প্রকল্পগুলিতে জোর দিচ্ছে।

নির্বাচনী রণকৌশল হিসেবে আগামী ১ মার্চ থেকেই ময়দানে নামছে বামেরা। মহম্মদ সেলিম জানান, এবারের প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। রাজ্যস্তরের পাশাপাশি প্রতিটি জেলা ও বিধানসভা ভিত্তিক আলাদা ইস্তাহার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা বসাতেই বামেরা এই বাড়তি ভাতার অঙ্ক ও নারী ক্ষমতায়নের অঙ্ক কষছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *