লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ৩০০০ টাকা! ইতিমধ্যেই কতজন পেলেন ‘অন্নপূর্ণা’র সুবিধা? বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
নন্দীগ্রাম: অবশেষে কাটল ধোঁয়াশা। বিজেপির প্রতিশ্রুত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনার টাকা কতজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বেয়াপাড়ায় ‘জনকল্যাণ শিবির’-এর এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে জানান, ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা।
তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে বিজেপির নির্বাচনী ইশতেহারে এই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কথা রেখেই সরকার গঠনের পর মাসে ৩ হাজার টাকা দেওয়ার এই মেগা প্রকল্প চালু করা হয়। জুনের শুরু থেকেই এর পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং ১৫ জুন থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির।
১২ পাতার ফর্মের জটিলতা শেষ, মিলল বড় ছাড়:
এই প্রকল্পের আবেদন করতে গিয়ে ১২ পাতার লম্বা ফর্ম ফিলআপ করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও জটিলতা তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, আবেদনের জন্য আর পুরো ১২ পাতার ফর্ম সম্পূর্ণ ফিলআপ করার কোনও প্রয়োজন নেই। প্রক্রিয়াটি সাধারণ মানুষের সুবিধার্থে অনেক সহজ করা হয়েছে। মহিলারা সরাসরি সরকারি ওয়েবসাইট (https://socialsecurity.wb.gov.in)-এ গিয়ে অনলাইনেও এই আবেদন করতে পারবেন।
কাদের মিলবে এই ৩ হাজার টাকা?
টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়মের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, সমস্ত নথিপত্র সঠিকভাবে খতিয়ে দেখেই প্রকৃত যোগ্যদের এই সরকারি সুবিধা দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, যাঁরা অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছেন না এবং যাঁদের আর্থিক সাহায্যের অত্যন্ত প্রয়োজন, তাঁরাই এই ভাতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
একই সঙ্গে সমাজ সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, যে সব আবেদনকারী সন্তানদের টিকাকরণ (Vaccination) করাননি বা কুসংস্কারের বশে টিকাকরণ করাতে চান না, তাঁদের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সমস্ত জট কেটে প্রথম কিস্তিতেই বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ায় রাজ্যজুড়ে মা-বোনেদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
