লেটেস্ট নিউজ

বিজেপিতে যোগ দিলেন ঋষি বঙ্কিমচন্দ্রের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে নয়া চমক দিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে এই দলবদল সম্পন্ন হয়। রাজ্য সরকারের শ্রম দপ্তরের প্রাক্তন উচ্চপদস্থ আমলা সুমিত্রবাবুকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বঙ্কিমদা’ সম্বোধন নিয়ে তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ বিজেপির। বঙ্কিমচন্দ্রের ভ্রাতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধরকে দলে টেনে বিজেপি বাঙালি আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে চাইছে। ভূপেন্দ্র যাদব জানান, বঙ্কিমচন্দ্রের উত্তরসূরির এই যোগদান উন্নত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে দলের কর্মীদের বাড়তি প্রেরণা ও শক্তি জোগাবে।

দলে যোগ দিয়েই রাজ্য সরকারের কর্মসংস্থান নীতির কড়া সমালোচনা করেন সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বর্তমান সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিকাঠামো ধ্বংস করে যুবপ্রজন্মকে বিভ্রান্ত করছে। যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, নিজের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পরিসংখ্যান কাজে লাগিয়ে রাজ্যের বেকারত্ব দূরীকরণে বিজেপির হয়ে কাজ করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *