বসন্তের আমেজেই কি বিদায় নিচ্ছে শীত? এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস আলিপুরের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:05 am
ফেব্রুয়ারির শেষ লগ্নে এসেও শীতের আমেজ ফিরল তিলোত্তমায়। টানা ছ’দিনের অপেক্ষার পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হাওয়ার দাপটে ভোররাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও, আবহাওয়াবিদদের মতে এই স্বস্তি খুবই ক্ষণস্থায়ী।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই থার্মোমিটারের পারদ এক ধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর পাশাপাশি আগামী ২ মার্চ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে চলেছে। এই জোড়া ফলার প্রভাবে খুব দ্রুত আবহাওয়ার ভোলবদল হবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দোলের সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দাপট দেখাবে গরম। বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের মতো জেলাগুলোতে পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোদের তেজের পাশাপাশি বাতাসে আর্দ্রতা বাড়লে প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম অনুভূত হবে।
উত্তরবঙ্গের পাহাড়ঘেরা দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো লক্ষণ নেই। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার থেকে কুয়াশার দাপট কমবে এবং আকাশ পরিষ্কার থাকবে। রাতের দিকে সামান্য ঠান্ডা ভাব থাকলেও দিনের বেলা কড়া রোদ জনজীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। অর্থাৎ, ক্যালেন্ডার মেনে বসন্ত এলেও গরমের চোখরাঙানি এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে।

