বেলেঘাটায় দীর্ঘ প্রতীক্ষার অবসান: মেটল পানীয় জলের সংকট, বদলে গেল এলাকার চেহারা – এবেলা
এবেলা ডেস্কঃ
স্বাধীনতা পরবর্তী দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে পরিস্রুত পানীয় জল পেলেন বেলেঘাটার বাসিন্দারা। সাউথ শিয়ালদহ রোডে ২ মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন বুস্টার পাম্পিং স্টেশন ও ভূগর্ভস্থ জলাধারটি সম্প্রতি চালু হয়েছে। এর ফলে কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডসহ পার্শ্ববর্তী ৩৫, ৩৬, ৪৬ ও ৫৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা ও নাগরিক দুর্ভোগ লাঘব হলো।
যে জমিতে একসময় দখলদারদের দৌরাত্ম্য ছিল, সেখানে আজ গড়ে উঠেছে অত্যাধুনিক পরিকাঠামো। স্থানীয় চুনাপট্টি এলাকায় খালের ধারের পরিত্যক্ত জমি উদ্ধার করে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এলাকাবাসীর সুবিধার্থে জলাধারের উপরে তৈরি হয়েছে সুদৃশ্য মুক্তমঞ্চ, বাগান ও শিশুদের খেলার জায়গা। এই আমূল পরিবর্তনের ফলে যেমন পানীয় জলের জোগান নিশ্চিত হয়েছে, তেমনই এলাকার সামগ্রিক পরিবেশেরও সৌন্দর্যবর্ধন হয়েছে।
পুরসভা সূত্রে জানানো হয়েছে, আগে এই অঞ্চলের অনেক জায়গায় গভীর নলকূপের জলের ওপর নির্ভর করতে হতো। বিশেষ করে গ্রীষ্মকালে জলের চাপ কম থাকায় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ জীবন সাহা জানান, এই প্রকল্পের মাধ্যমে কয়েক দশকের জলকষ্ট দূর হলো। এখন থেকে ঘরে ঘরে পর্যাপ্ত এবং পরিস্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে, যা জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

