তিন সপ্তাহে তিনবার! সুবর্ণরেখার চরে কেন বারবার মিলছে প্রাণঘাতী বিস্ফোরক?

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার জলপোদা গ্রামে সুবর্ণরেখা নদী থেকে ২০০ কেজির বেশি ওজনের একটি বিশালাকার ধাতব বস্তু উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলেরা মাছ ধরার সময় নদীর মাঝখানে বস্তুটিকে দেখতে পান। মিসাইল বা বড় বোমার মতো দেখতে এই বস্তুটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তাঁরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।
ঘটনাস্থলে পৌঁছে বাহারাগোড়া থানার পুলিশ এলাকাটি ঘিরে ফেলে সাধারণের যাতায়াত নিষিদ্ধ করেছে এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে এই এলাকা থেকে এটিসহ মোট তিনটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার হলো, যার আগের দুটি ভারতীয় সেনার বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করেছিল। বারবার এমন শক্তিশালী বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তাঁরা এলাকাটিতে পূর্ণাঙ্গ তল্লাশি অভিযানের দাবি জানিয়েছেন।
