আসাম্ভবকে জয় করে ইতিহাস গড়লেন শুভম!

শারীরিক অসুস্থতাকে জয় করে সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর নিয়ে সর্বভারতীয় স্তরে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইছাপুরের ইস্ট পয়েন্ট স্কুলের ছাত্র শুভম দাস। পশ্চিমবঙ্গে সে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পরীক্ষার ছয় মাস আগে পাইলোনিডাল সাইনাস অপারেশনের ধকল সত্ত্বেও অদম্য মেধায় সে এই সাফল্য অর্জন করেছে। অস্ত্রোপচারের পর দীর্ঘক্ষণ বসে থাকা বা সিঁড়ি ভাঙা বারণ থাকলেও, শারীরিক যন্ত্রণা ও পড়াশোনার চাপের ভারসাম্য বজায় রেখেই সে এই ঈর্ষণীয় ফলাফল করেছে।
দীর্ঘদিন পেইনকিলার ও অ্যান্টিবায়োটিক সেবনের পাশাপাশি পরীক্ষার হলে একটানা তিন ঘণ্টা বসে থাকা শুভমের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। শিক্ষকের বিশেষ অনুমতিতে মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়ায় সে পরীক্ষায় টিকে থাকে। একদিকে নিয়মিত ড্রেসিং ও শারীরিক কষ্ট, অন্যদিকে পড়াশোনার নিষ্ঠা—উভয় ক্ষেত্রেই সে অবিচল ছিল। এই সাফল্যের নেপথ্যে শুভমের বাবার যত্ন ও মায়ের একাডেমিক নির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার বাইরেও শুভম একজন দক্ষ বেহালাবাদক এবং সার্কিট তৈরিতে পারদর্শী।
