লোকসভায় ৮৫০ আসন কি সম্ভব, কী বললেন অমিত শাহ?

সংসদে নারী সংরক্ষণ বিল নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, যার মূল কারণ হিসেবে উঠে এসেছে সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণের রাজ্যগুলো বড় অঙ্কের আসন লাভ করবে, যেখানে তামিলনাড়ু ২০টি, কেরালা ১০টি, তেলেঙ্গানা ৯টি, অন্ধ্রপ্রদেশ ১৩টি ও মহারাষ্ট্র অতিরিক্ত ২৪টি আসন পেতে পারে। সরকারের এই পরিকল্পনায় লোকসভার মোট আসন সংখ্যা ৮৫০-এ উন্নীত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, এই প্রক্রিয়াকে ২০২৯ সালের নির্বাচনের সমীকরণ নিজেদের অনুকূলে রাখার কৌশল হিসেবে দেখছেন বিরোধীরা। তাদের দাবি, ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে আসন পুনর্বিন্যাস করলে তা হিন্দিভাষী অঞ্চলকে বাড়তি সুবিধা দেবে এবং দক্ষিণের রাজ্যগুলোকে সংসদে সংখ্যালঘু করে তুলবে, যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিরোধীরা স্পষ্ট জানিয়েছে, নারী সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাসের বিষয়টিকে আলাদা করলে তারা বিলটিতে সমর্থন দিতে প্রস্তুত। এদিকে, সংবিধান সংশোধনী বিলটি পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সরকার বর্তমানে লোকসভায় ৬৭টি ও রাজ্যসভায় ২১টি আসন পিছিয়ে রয়েছে, ফলে এই বিলের ভবিষ্যৎ এখন বিরোধী শিবিরের অবস্থানের ওপর নির্ভর করছে।
