ভোট মিটতেই পান্ডুয়ায় রেলের বুলডোজার! ঘরছাড়া বহু পরিবার, ‘ভোটের রাজনীতি’র অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা

ভোট মিটতেই পান্ডুয়ায় রেলের বুলডোজার! ঘরছাড়া বহু পরিবার, ‘ভোটের রাজনীতি’র অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা

হুগলি: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট মিটতে না মিটতেই হুগলির পান্ডুয়ায় রেলপড় এলাকায় শুরু হল ব্যাপক উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি ও দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় মুহূর্তের মধ্যে ভিটেমাটিহীন হয়ে পড়লেন অসংখ্য মানুষ। রেল কর্তৃপক্ষের এই আকস্মিক পদক্ষেপে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আকস্মিক উচ্ছেদ ও নোটিশ বিতর্ক

স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের আগেই উচ্ছেদের নোটিশ জারি করেছিল রেল কর্তৃপক্ষ। তবে ভোট চলাকালীন কোনও অভিযান চালানো হয়নি। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক পরের দিনই ফের নতুন করে নোটিশ পাঠানো হয়। সেখানে স্পষ্ট জানানো হয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জায়গা খালি করতে হবে। অনেক বাসিন্দা তড়িঘড়ি নিজেদের দোকান ও ঘরের আসবাব সরিয়ে নিলেও, বিপুল সংখ্যক মানুষের পক্ষে এত দ্রুত বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

‘ভোট ফুরোলেই উচ্ছেদ’, ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা

আচমকা বুলডোজার নিয়ে রেলের আধিকারিকরা এলাকায় পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায়। উচ্ছেদ হওয়া এক বাসিন্দার ক্ষোভ, “ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি কারণ তখন আমাদের ভোটগুলোর প্রয়োজন ছিল। ভোট মিটতেই আমাদের ওপর বুলডোজার চালানো হচ্ছে।” অনেককে ভেঙে ফেলা বাড়ির সামনে বসেই প্রতিবাদ জানাতে দেখা যায়। তাঁদের দাবি, অন্তত কয়েকদিন সময় দিলে তাঁরা মাথা গোঁজার কোনও জায়গা খুঁজে নিতে পারতেন।

রাজনৈতিক উত্তাপ ও বর্তমান পরিস্থিতি

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে ভোট মিটতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষের তরফে এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বয়ান পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আপাতত খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে বহু পরিবারের। তাঁদের পুনর্বাসনের দাবি এবং আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *