গভীর রাতে ভাঙড়ে পুলিশের ‘তাণ্ডব’! মত্ত অবস্থায় পথচারীদের গালিগালাজ, গণবিক্ষোভে উত্তাল সোনপুকুর

ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সোনপুকুর এলাকায় গভীর রাতে পুলিশের মত্ত আচরণকে কেন্দ্র করে তৈরি হলো তীব্র উত্তেজনা। এক সাদা পোশাকের কলকাতা পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় পথচারীদের হেনস্থা ও অশালীন গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়, চলে সাধারণ মানুষের বিক্ষোভ।
রাস্তা আটকে হেনস্থার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটা থেকে একটা নাগাদ সোনপুকুর এলাকায় রাস্তার মাঝখানে হঠাৎই চড়াও হন ওই পুলিশকর্মী। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং রাস্তার দু’দিকে প্রচুর গাড়ি দাঁড় করিয়ে দেন। কোনও কারণ ছাড়াই বাসে ও গাড়িতে থাকা যাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন তিনি। তাঁর পরনে পুলিশের ইউনিফর্ম থাকলেও ওপর দিয়ে সাধারণ পোশাক পরা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
জনতার বিক্ষোভ ও মদের বোতল উদ্ধার
পুলিশের এমন কুরুচিকর আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েন পথচারী ও যাত্রীরা। তাঁরা ওই পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি নিজের নাম বলতে অস্বীকার করছিলেন এবং তাঁর পকেট থেকে মদের বোতল পাওয়া গিয়েছে। উত্তেজনা এতটাই বাড়ে যে রাস্তার দু’দিকে ব্যাপক যানজট তৈরি হয়। তবে যাত্রীদের একাংশের মতে, ওই কর্মীর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা সংযত থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পায়।
পুলিশের হস্তক্ষেপ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। উত্তপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস পাওয়ার পর প্রায় এক ঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
গণনার আগের রাতে যখন জেলাজুড়ে কড়া নিরাপত্তা বজায় রাখার কথা, তখন খোদ পুলিশের এই মত্ত আচরণের ঘটনায় খোদ বাহিনীর অন্দরেই অস্বস্তি বেড়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।
