বিমানবন্দর থেকে উদ্ধার বাইক, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কি এবার তবে বড়সড় তথ্য ফাঁস?

বিমানবন্দর থেকে উদ্ধার বাইক, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কি এবার তবে বড়সড় তথ্য ফাঁস?

রাজ্য রাজনীতিতে এখন সবথেকে আলোচিত বিষয় শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড। মধ্যমগ্রামের শুভম গার্ডেনিয়া আবাসনের সামনে অত্যন্ত পেশাদার ভঙ্গিতে ঘটানো এই খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। বৃহস্পতিবার বিমানবন্দরের কাছ থেকে একটি পরিত্যক্ত মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ, যা এই খুনের রহস্যে নতুন মাত্রা যোগ করেছে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, ভিন রাজ্যের পেশাদার ‘শার্প শুটার’ নিয়োগ করে এই কাজ চালানো হয়েছে এবং খুনের পরপরই তারা বিমানে করে রাজ্য ছেড়ে চম্পট দিয়েছে।

পরিকল্পিত অপারেশন ও সিটের তদন্ত

ঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধেই এসটিএফ, সিআইডি এবং আইবি-র সমন্বয়ে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, এটি ছিল একটি নিখুঁত ‘টার্গেট কিলিং’। চন্দ্রনাথের গাড়ি যখন আবাসনের কাছে পৌঁছায়, তখন একটি চারচাকা গাড়ি আড়াআড়িভাবে তাঁর পথ আটকে দেয়। এরপর দু’টি মোটরবাইকে আসা আততায়ীরা জানালার কাচে বন্দুক ঠেকিয়ে প্রায় ১০ রাউন্ড গুলি চালায়। চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করেই এলাকা ছাড়ে তারা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক বুদ্ধদেব বেড়াও। ফরেনসিক ও সিআইডি অফিসাররা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন।

নথি ফাঁসের আশঙ্কা ও নেপথ্যের কারণ

তদন্তে উঠে এসেছে যে, গত এক সপ্তাহ ধরে চন্দ্রনাথের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক ষড়যন্ত্র। সূত্রের খবর, চন্দ্রনাথের কাছে বিগত সরকারের আমলের বালি চুরি সহ একাধিক বেআইনি কার্যকলাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি ছিল। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর সেই সব নথি তিনি প্রকাশ্যে আনতে পারতেন বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য যাতে কোনোভাবেই সামনে না আসে, সেই আশঙ্কা থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং শুভেন্দু অধিকারীকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন। বারাসত হাসপাতালে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানাতে এসে শুভেন্দু অধিকারী একে ‘ঠান্ডা মাথার খুন’ বলে অভিহিত করেছেন এবং প্রশাসনের ওপর আস্থা রেখে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *