ডিপফেক রুখতে এবার আইনি পথে হাঁটলেন শশী থারুর – এবেলা

ডিপফেক রুখতে এবার আইনি পথে হাঁটলেন শশী থারুর – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজেস্ব ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় এবার আইনি পথে হাঁটলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তার নাম, ছবি এবং কণ্ঠস্বর অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তিতে ব্যবহারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার বিচারপতি মিনি পুষ্কর্ণর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

ব্যক্তিত্ব চুরি রুখতে কঠোর পদক্ষেপ

আদালতে দাখিল করা আবেদনে থারুর অভিযোগ করেছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অনুমতি ছাড়াই ইন্টারনেটে তার বিকৃত ছবি এবং ভিডিও ছড়িয়ে দিচ্ছে। ল ফার্ম ‘ট্রাইলিগ্যাল’-এর মাধ্যমে দায়ের করা এই আবেদনে তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে ওই সমস্ত আপত্তিজনক কন্টেন্ট সরিয়ে ফেলা হোক। থারুরের মতে, তার পরিচিতিকে ব্যবহার করে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা একজন জননেতা ও লেখকের জন্য আসাম্মানজনক।

সেলিব্রিটিদের পথে কংগ্রেস সাংসদ

এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফের মতো বলিউডের মহাতারকারা তাদের নাম, কণ্ঠ ও শৈলী রক্ষায় আদালতের কাছ থেকে বিশেষ সুরক্ষা বা ‘ইনজাংশন’ পেয়েছেন। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে থারুরই প্রথম সারির নেতা, যিনি এআই-এর অপব্যবহার রুখতে এই ধরনের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষার দাবি জানালেন। উল্লেখ্য, কেরলের তিরুবনন্তপুরমের এই সাংসদ একজন প্রাক্তন কূটনীতিক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হিসেবেও পরিচিত।

প্রযুক্তি বনাম ব্যক্তিগত সুরক্ষা

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে যেভাবে বিশিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, তাতে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আদালত থারুরের পক্ষে রায় দেয়, তবে ভবিষ্যতে এআই-জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে কারো ব্যক্তিত্ব ব্যবহার করার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ হতে পারে। এর ফলে ডিজিটাল দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত অধিকার ও তথ্যের গোপনীয়তা রক্ষার পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *