সম্পর্ক কি তবে শেষ? আরসিবি ম্যাচেও কি বাদ হার্দিক? জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স! – এবেলা

সম্পর্ক কি তবে শেষ? আরসিবি ম্যাচেও কি বাদ হার্দিক? জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স! – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি আইপিএলে মাঠ এবং মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পারফরম্যান্স নয়, বরং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের অনুপস্থিতি এবং দলের অভ্যন্তরীণ রসায়ন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে হার্দিককে ছাড়াই মাঠে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। চোটের কারণে হার্দিক দলের বাইরে থাকলেও বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

চোট নাকি মানসিকভাবে দূরত্ব

লখনউয়ের বিরুদ্ধে টসের সময় জানানো হয়েছিল হার্দিক পান্ডিয়া চোট পেয়েছেন। তবে শনিবার ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের বক্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র জানিয়েছেন, হার্দিকের চোট এখনও পর্যবেক্ষণে রয়েছে। অথচ একই সময়ে তিনি নিশ্চিত করেছেন যে, সদ্য কন্যাসন্তানের বাবা হওয়া সূর্যকুমার যাদব দলের সাথে যোগ দিচ্ছেন এবং খেলছেন। মুম্বই বিমানবন্দরে হার্দিক বা সূর্য কাউকেই দলের সাথে দেখা না যাওয়ায় জল্পনা শুরু হয়েছিল। এখন সূর্যের ফেরার বিষয়টি নিশ্চিত হলেও হার্দিকের ফেরা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ক্রিকেট মহলের একাংশের মতে, ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পর্কের অবনতি হার্দিককে প্রথম একাদশ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো?

নেতৃত্বের সঙ্কট ও মুম্বইয়ের ভবিষ্যৎ

হার্দিক যদি খেলতে না পারেন, তবে আরসিবি-র বিরুদ্ধে আবারও সূর্যকুমার যাদবকেই টস করতে দেখা যাবে। মাঠের পারফরম্যান্সে মুম্বই ধুঁকছে, তার ওপর অধিনায়ক হার্দিকের সাথে সতীর্থদের সম্পর্কের শৈত্য নিয়ে সংবাদমাধ্যমে লাগাতার চর্চা হচ্ছে। বিশেষ করে তিলক বর্মার সাথে মাঠে বাদানুবাদ বা ক্রুনাল পান্ডিয়ার সাথে দূরত্বের খবর মুম্বইয়ের ড্রেসিংরুমের অশান্তিকেই সামনে আনছে। আরসিবি-র মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে হার্দিকের মতো অলরাউন্ডারকে না পাওয়া দলের ভারসাম্য নষ্ট করতে পারে। এই ডামাডোল পরিস্থিতি যদি দ্রুত সামাল দেওয়া না যায়, তবে টুর্নামেন্টের প্লে-অফের দৌড় থেকে মুম্বইয়ের ছিটকে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *