সৌজন্যের নজির: মমতার নিরাপত্তা অটুট রাখার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের প্রশাসনিক পটপরিবর্তনের পর নবান্নে এক নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের আবহ তৈরি হলো। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনবারের মুখ্যমন্ত্রীর প্রাপ্য সম্মান ও সুরক্ষা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।
প্রাপ্য সম্মানে অনড় প্রশাসন
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তাঁর নিরাপত্তা বলয় আগের মতোই অটুট থাকবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম শিথিলতা বা আসাম্মান প্রদর্শন বরদাস্ত করা হবে না। প্রশাসনিক কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রীর সুরক্ষা সুনিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে প্রাক্তন প্রশাসনিক প্রধানের প্রতি এই সম্মান প্রদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।
নিরাপত্তায় রদবদল ও রাজনৈতিক বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বহাল থাকলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে বড়সড় কাটছাঁট করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সুরক্ষা পর্যালোচনার পর অভিষেকের বিশেষ কিছু সুযোগ-সুবিধা ও নিরাপত্তা কর্মী কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সৌজন্য দেখিয়ে শুভেন্দু অধিকারী যেমন পরিপক্কতার পরিচয় দিয়েছেন, অন্যদিকে অভিষেকের নিরাপত্তা কমিয়ে প্রশাসনের রাশ শক্ত করার বার্তাও দিয়েছেন। এই দ্বিমুখী কৌশলে রাজ্যে ভিভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে রাজনীতিমুক্ত ও ভারসাম্যপূর্ণ অবস্থান স্পষ্ট করতে চাইছে নতুন সরকার।
