অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়! জ্বালানি বাঁচাতে খোদ মোদীর বড় পদক্ষেপ, চাপে মন্ত্রী-আমলারাও – এবেলা

অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়! জ্বালানি বাঁচাতে খোদ মোদীর বড় পদক্ষেপ, চাপে মন্ত্রী-আমলারাও – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি ব্যয় সংকোচন এবং মিতব্যয়িতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সরকারি নিরাপত্তা বহরের বহর কার্যত অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (এসপিজি) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কনভয়ে থাকা গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনা হয়। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপটি ভারতের বর্তমান জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনিক খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার ভারসাম্য

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, নিরাপত্তার ‘ব্লু বুক’ গাইডলাইন মেনে এবং সুরক্ষার সাথে কোনো আপস না করেই গাড়ির সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করেছে এসপিজি। সম্প্রতি দিল্লির বাইরের সফরগুলোতে প্রধানমন্ত্রীর কনভয় আগের তুলনায় অনেক ছোট দেখা গেছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তার বহরে বৈদ্যুতিক যান (ইভি) অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন। তবে এই পরিবর্তনের জন্য কোনো অতিরিক্ত সরকারি খরচ বা নতুন গাড়ি কেনা হবে না; বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই পরিবেশ রক্ষা ও শক্তি সঞ্চয়ের বার্তা দিতে চান তিনি।

প্রশাসনিক স্তরে পরিবর্তনের জোরালো বার্তা

হায়দ্রাবাদের এক জনসভায় প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি ও স্বর্ণের ব্যবহার কমানোর যে আহ্বান জানিয়েছিলেন, নিজের কনভয় ছোট করার মাধ্যমে তিনি কার্যত সেই বার্তারই প্রতিফলন ঘটিয়েছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রভাব শীঘ্রই অন্যান্য সরকারি দপ্তর এবং মন্ত্রণালেয় পড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের চলাচলের জন্য মেট্রো ব্যবহারের উৎসাহ দান, কারপুলিং ব্যবস্থা চালু এবং বড় কোনো সরকারি ভোজ বা রাজকীয় আয়োজন বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে। সরকারের এই ব্যয় সংকোচন নীতি দীর্ঘমেয়াদে জাতীয় সম্পদ সাশ্রয় এবং আমলাতান্ত্রিক জৌলুস কমিয়ে সাধারণ মানুষের কাছাকাছি আসার একটি প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *