হাওড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, চিরতরে ঘুচতে চলেছে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ! – এবেলা

হাওড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, চিরতরে ঘুচতে চলেছে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়ার চেনা ছবিটা এক ঝটকায় বদলে গেল। প্রতিদিনের চেনা ভোগান্তি, যানজট আর হকারদের জবরদখল থেকে অবশেষে মুক্তি পেতে চলেছেন স্টেশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রী। স্টেশন চত্বরকে পুরোপুরি বেআইনি দখলদার মুক্ত করতে এবার সরাসরি আসরে নেমেছে রেল প্রশাসন। হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF) এক মেগা উচ্ছেদ অভিযান চালায়। এই অভিযানেই দেখা গেছে এক বেনজির দৃশ্য, যেখানে খোদ হাওড়া স্টেশন চত্বরের জবরদখল সরাতে নামানো হয় বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বেআইনি গুমটি ও দোকানপাট।

যে কারণে এই চরম পদক্ষেপ

দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে ঢোকার প্রধান রাস্তাগুলো কার্যত চলে গিয়েছিল হকার ও জবরদখলকারীদের কব্জায়। রাস্তার দু’ধারে ডালা, ঠেলাগাড়ি আর গুমটি বসিয়ে বেআইনিভাবে ব্যবসা ফেঁদে বসেছিলেন বহু মানুষ। এর ফলে স্টেশন চত্বরের যাতায়াতের পথ এতটাই অবরুদ্ধ হয়ে পড়েছিল যে, প্রতিদিন দূরপাল্লার ও লোকাল ট্রেনের লক্ষ লক্ষ যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। ট্রেনের সময় হয়ে গেলেও ভিড় আর জ্যাম ঠেলে সময়মতো স্টেশনে ঢোকা প্রায় আসাম্ভব হয়ে উঠেছিল। যাত্রীদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও যাতায়াতের সমস্যার সমাধান করতেই রেল প্রশাসন কোমর বেঁধে ময়দানে নামার সিদ্ধান্ত নেয়।

উচ্ছেদ অভিযান ও সম্ভাব্য প্রভাব

স্টেশন চত্বর সাফ করতে বিশাল আরপিএফ বাহিনী নিয়ে এই মেগা অভিযান শুরু হয়। তবে বুলডোজার চালানোর আগে প্রশাসনের তরফে এলাকায় এলাকায় মাইকিং করে কড়া বার্তা দেওয়া হয়। লাউডস্পিকারে উৎসুক জনতাকে সতর্ক করে আরপিএফ স্পষ্ট জানিয়ে দেয়, যাত্রী ও সাধারণ মানুষ যেন ভিড় না করে নিজেদের গন্তব্যে চলে যান এবং প্রশাসনকে তার কাজ করতে দেন। মাইকিং শেষ হতেই শুরু হয় আসল অ্যাকশন। চোখের পলকে গুঁড়িয়ে দেওয়া হতে থাকে একের পর এক বেআইনি গুমটি ও ঝুপড়ি দোকান।

রেল প্রশাসনের এই কড়া পদক্ষেপের ফলে হাওড়া স্টেশন চত্বর অনেক বেশি হালকা, যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন হবে বলে আশা করা হচ্ছে। যাতায়াতের পথ সুগম হওয়ায় যাত্রীরা স্বস্তিতে এবং সঠিক সময়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে ইতিমধ্যেই দু’হাত তুলে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ রেলযাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *