২০২৭ বিধানসভা নির্বাচন, পাঞ্জাব সহ চার রাজ্যে নতুন সভাপতি ঘোষণা করে কোমর বাঁধছে বিজেপি – এবেলা

২০২৭ বিধানসভা নির্বাচন, পাঞ্জাব সহ চার রাজ্যে নতুন সভাপতি ঘোষণা করে কোমর বাঁধছে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনী লড়াই শেষ হতেই আর সময় নষ্ট করতে নারাজ বিজেপি শীর্ষ নেতৃত্ব। জাতীয় রাজনীতির সমীকরণ মাথায় রেখে এবার একসঙ্গে চার রাজ্যের সাংগঠনিক খোলনলচে বদলে ফেলল গেরুয়া শিবির। দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা এবং পাঞ্জাবে নতুন রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই নতুন নামগুলি সামনে আনেন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচন এবং সাংগঠনিক দুর্বলতা দূর করতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লি থেকে ত্রিপুরা, দায়িত্বে নতুন মুখ

ঘোষিত তালিকা অনুযায়ী, রাজধানী দিল্লির ব্যাটন তুলে দেওয়া হয়েছে পূর্ব দিল্লির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রর হাতে। অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন মাতাবাড়ির বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়। হরিয়ানায় মহিলা নেতৃত্বের ওপর ভরসা রেখে জলপত জেলার সভাপতি অর্চনা গুপ্তকে একলাফে রাজ্য সভাপতির আসনে বসানো হয়েছে। চার রাজ্যের এই রদবদল স্পষ্ট করে দিচ্ছে যে, রাজ্য স্তরে নতুন ও সক্রিয় মুখদের সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

পাখির চোখ পাঞ্জাব, অমরিন্দর-ঘনিষ্ঠে ভরসা

এই চার রাজ্যের মধ্যে বিজেপির আসল লক্ষ্য যে পাঞ্জাব, তা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে স্পষ্ট। ২০২৭ সালে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে দলের ভিত শক্ত করতে প্রাক্তন কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ কেওয়াল সিং ধিঁলোকে নতুন সভাপতি করা হয়েছে। ২০২২ সালে বিজেপিতে যোগ দেওয়া বারনালার এই প্রাক্তন বিধায়কের সাংগঠনিক দক্ষতার ওপর ভরসা রাখছে দল। দলবদলু এবং অভিজ্ঞ এই নেতার হাত ধরে পাঞ্জাবের শিখ রাজনীতি ও গ্রামীণ স্তরে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি, যা আগামী বছরের নির্বাচনে শাসকদলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *