ফিরছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি! সরকারের আয় বাড়াতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

ফিরছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি! সরকারের আয় বাড়াতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের আর্থিক অবস্থা মজবুত করতে এবং সরকারের নিজস্ব কোষাগারকে সমৃদ্ধ করতে আবারও চালু হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’। আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই এই লটারিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অর্থ দপ্তরকে এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী এবার একটি বিশেষ শর্ত দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে টিকিটগুলো বাজারে বিক্রি হবে না, সেগুলোর যেন কোনওভাবেই লটারির ড্র বা খেলা না হয়, তা নিশ্চিত করতে হবে।

ভিনরাজ্যের আধিপত্য ঠেকাতে সরকারি উদ্যোগ

বর্তমানে বাইরের রাজ্যের বিভিন্ন লটারি সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন’ বা অনাপত্তি শংসাপত্র নিয়ে এ রাজ্যে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। এর ফলে ব্যবসার বিপুল পরিমাণ লভ্যাংশ বাইরের রাজ্যে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নিজস্ব কোষাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ভিনরাজ্যের সংস্থার ওপর নির্ভর না করে রাজ্য নিজেই কেন এই ব্যবসা পরিচালনা করে রাজস্ব বাড়াবে না, সেই লক্ষ্যেই মূলত এই লাভজনক ব্যবসাকে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজস্ব বৃদ্ধির বিপুল সম্ভাবনা

অতীতে পশ্চিমবঙ্গ সরকারের লটারি বিভাগ মোট ৪৮টি সাপ্তাহিক খেলা এবং ৬টি বিশেষ বাম্পার খেলা পরিচালনা করত, যা থেকে সরকারের ঘরে মোটা অঙ্কের রাজস্ব আসত। ২০১৮ সালের মে মাস থেকে প্রতিদিন রাজ্য লটারির খেলা শুরু হওয়ার পর ২০১৮-১৯ অর্থবর্ষে ১ হাজার কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করে রাজ্য কোষাগারে ২২৩ কোটি টাকা আয় এসেছিল। এমনকি ২০১৯-২০ অর্থবর্ষেও সরকারের প্রায় ৩০০ কোটি টাকা আয়ের একটি মজবুত পথ তৈরি হয়েছিল। কিন্তু ২০২০ সালের মার্চ মাসে এক অজ্ঞাত কারণে এই রাজ্য লটারি আচমকা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে টেন্ডার ডেকে লটারির ব্র্যান্ডটিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলেও তাতে আশানুরূপ সাড়া মেলেনি। ফলে দীর্ঘ চার বছর ধরে বন্ধ থাকা এই লাভজনক সরকারি মাধ্যমকে কাজে লাগিয়ে এবার রাজ্যের আয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *