বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের – এবেলা

বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের – এবেলা

এবেলা ডেস্কঃ

নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতা সত্ত্বেও ওই ছাত্রকে টানা ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অমানবিক আচরণের ফলে সিঁড়ি দিয়ে নামার সময় অসুস্থ হয়ে পড়ে গুরুতর জখম হয় ওই শিশু, যার পরিণতিতে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে। ঘটনার পর থেকেই তোলপাড় পরিস্থিতি, উত্তাল অভিভাবক মহল।

অবহেলা ও গাফিলতির অভিযোগ

গত ১৩ মে গরমের ছুটির দিন সকালে আয়ুষ কুমার নাথ নামে তৃতীয় শ্রেণির ওই ছাত্র অসুস্থ বোধ করলে বিজ্ঞানের শিক্ষক তাকে বিশ্রাম নিতে না দিয়ে মাথা নিচু করে বসে থাকতে বাধ্য করেন বলে অভিযোগ। অসুস্থ অবস্থাতেই ছয়টি পিরিয়ড ক্লাস শেষ করে ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর চোট পায় শিশুটি। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সময়মতো খবর দেয়নি, বরং নিজেদের মতো করে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কালক্ষেপণ করেছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও সে কোমায় চলে যায় এবং গত রবিবার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশি নিষ্ক্রিয়তা ও ন্যায়বিচারের দাবি

এই ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকদের অভিযোগ, পুলিশ স্কুল কর্তৃপক্ষকে আড়াল করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শুরুতে ফুটেজ নেই বলে দাবি করা হলেও, পরে পাওয়া গেছে জানানো সত্ত্বেও কেন কাউকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে ক্ষোভ বাড়ছে। মঙ্গলবার ও বুধবার লাগাতার আন্দোলনে সামিল হন অভিভাবকরা। স্থানীয় বিধায়ককে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শোকাহত অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *