সোমবারই নতুন মন্ত্রীদের শপথ, রাজ্য মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ১২ বিজেপি বিধায়ক – এবেলা

সোমবারই নতুন মন্ত্রীদের শপথ, রাজ্য মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ১২ বিজেপি বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের জট কাটল। আগামী সোমবার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে ১২ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন। বাংলায় বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রিসভার পরিধি বাড়ানো নিয়ে জল্পনা চলছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রিসভা।

বিপুল জনাদেশের পর রবীন্দ্র জয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে প্রথম দফায় পাঁচজন মন্ত্রী শপথ নিলেও, পরবর্তী সময়ে দীর্ঘ সময় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। বর্তমানে ছয়জন মন্ত্রী নিয়ে রাজ্য প্রশাসন চললেও, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং একাধিক গুরুত্বপূর্ণ দফতর পরিচালনার জন্য এই সম্প্রসারণ অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী আপাতত নিজের হাতেই স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক এবং অর্থ দফতরের দায়িত্ব রাখছেন।

প্রশাসনিক গতি বাড়াতে নতুন মুখের ভিড়

মন্ত্রিসভার এই সম্প্রসারণে নতুন এবং অভিজ্ঞ নেতাদের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। সূত্রের খবর, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন শীতল কপাট। শিক্ষা দফতরের গুরুদায়িত্বে স্বপন দাশগুপ্তের নাম প্রায় নিশ্চিত। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অসীম সরকার কিংবা সুব্রত ঠাকুরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে দীপক বর্মনকে বড় কোনো দফতরের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সামলানোর জন্য ইন্দ্রনীল খাঁয়ের নাম উঠে আসছে সামনের সারিতে। এছাড়া বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ, তাপস রায়, শঙ্কর শিকদার এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো হাইপ্রোফাইল বিধায়করাও শপথ গ্রহণকারীদের তালিকায় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্প্রসারণের মাধ্যমে কেবল প্রশাসনিক শূন্যতা পূরণ করাই নয়, বরং বিভিন্ন জেলা এবং সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছানোর বার্তা দিতে চাইছে রাজ্য বিজেপি। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা করেছেন, যা সোমবারের এই শপথ অনুষ্ঠানের পথ সুগম করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *