মাঝরাতে দমদম স্টেশনে বুলডোজারের তাণ্ডব, গুঁড়িয়ে গেল বহু অবৈধ দোকান! – এবেলা

এবেলা ডেস্কঃ
রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দখলদারি হঠাতে শনিবার গভীর রাতে দমদম স্টেশনে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। স্টেশনের ভেতরে ও বাইরে যাত্রী নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন ধরে চলে আসা এই বেআইনি জবরদখল উচ্ছেদে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার। প্রশাসনের তরফে আগেভাগে নোটিস এবং মাইকিংয়ের মাধ্যমে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হলেও হকাররা দোকান না সরানোয় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নেয় রেল।
নিরাপত্তার চাদরে অভিযান ও রাজনৈতিক বিরোধ
শনিবার রাত যত বাড়তে থাকে, দমদম স্টেশন চত্বর কার্যত দুর্গ হয়ে ওঠে। আরপিএফ, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় স্টেশনের অলিগলিতে গড়ে ওঠা গুমটি ও দোকানপাট। অভিযানের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন বামপন্থী নেতৃত্ব। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ও প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদের তীব্র বিরোধিতা করেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, উপযুক্ত ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদ প্রক্রিয়া মেনে নেওয়া হবে না। যদিও রাজনৈতিক চাপ উপেক্ষা করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলের জমিতে কোনো অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে এমন অভিযান আরও চালানো হবে।
গত শুক্রবারই উচ্ছেদের আতঙ্কে এক মহিলা হকার লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতের এই অভিযানে স্থানীয় হকারদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাত্রী সুরক্ষা ও স্টেশন চত্বরের শৃঙ্খলা বজায় রাখার দাবিতে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিলেও, পুনর্বাসন না পাওয়ায় হকারদের রুজি-রোজগার হারানোর বিষয়টি এখন বড় প্রশ্নের মুখে।
