আইপিএলের মঞ্চ কাঁপানোর পর এবার জাতীয় দলে বৈভবের ডাক, জমা পড়ল ৩০ জনের প্রাথমিক দল – এবেলা

এবেলা ডেস্কঃ
এবারের আইপিএলে ব্যাট হাতে একের পর এক নজির গড়ে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেটের এই বিস্ময় কিশোরের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এবার তাকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামানোর চিন্তাভাবনা শুরু করেছেন নির্বাচকরা। আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যে ৩০ জনের প্রাথমিক দল গঠন করেছে, তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিহারের এই ক্রিকেটারের নাম। আগামী সেপ্টেম্বর মাসে চীনের হাংঝাউয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে পারে বৈভবের।
সিনিয়রদের অনুপস্থিতি ও নতুনদের সুযোগ
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারতের মূল দল। স্বাভাবিকভাবেই শুভমান গিলের মতো সিনিয়র ক্রিকেটাররা সেই দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবেন। প্রাথমিক তালিকায় জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের নাম থাকলেও, শেষ পর্যন্ত তাঁরাও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেই জায়গা পেতে পারেন। অন্যদিকে, ভারতের টি-২০ পরিকল্পনা থেকে সূর্যকুমার যাদবকে পুরোপুরি ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়ে তাঁকে এশিয়াডের প্রাথমিক দলেও রাখা হয়নি। সিনিয়রদের এই অনুপস্থিতির কারণেই বৈভবের মতো উদীয়মান তরুণদের সামনে জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে।
অভিষেকের পথে বড় বাধা দুর্বল ফিল্ডিং
আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে বৈভব সূর্যবংশী নির্বাচকদের রাডারে চলে এলেও, তাঁর আন্তর্জাতিক অভিষেকের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আধুনিক ক্রিকেটে শুধু ব্যাটিং দিয়ে দলে টিকে থাকা আসাম্ভব, যেখানে ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাতিয়ার। বৈভবের ফিল্ডিংয়ের দক্ষতা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে যথেষ্ট সমালোচনা রয়েছে। ফলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে এবং আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করতে হলে এই তরুণ ক্রিকেটারকে তাঁর ফিল্ডিংয়ের খামতি দ্রুত দূর করতে হবে। অন্যথায়, অভিষেকের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
