আইসক্রিমের নামে কি খাচ্ছেন ফ্রোজেন ডেজার্ট, আপনার অজান্তেই শরীরে ঢুকছে পাম অয়েল – এবেলা

এবেলা ডেস্কঃ
তীব্র গরমে একটু স্বস্তি পেতে আইসক্রিমের চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে। কিন্তু আপনি যে খাবারটিকে আইসক্রিম ভেবে তৃপ্তি করে খাচ্ছেন, তা কি সত্যিই দুধ বা মিল্ক ফ্যাট দিয়ে তৈরি? সম্প্রতি এক জনপ্রিয় ব্র্যান্ড তাদের ফ্রোজেন ডেজার্টে পাম অয়েলের পরিবর্তে দুগ্ধজাত উপাদান ব্যবহারের সিদ্ধান্ত ঘোষণা করায় একটি বড় সত্যি সামনে এসেছে। বাজারে আইসক্রিম নামে বিক্রি হওয়া বহু পণ্য আসলে আইসক্রিমই নয়, বরং জমাট বাঁধা উদ্ভিজ্জ তেলের মিষ্টি সংস্করণ।
আইসক্রিম বনাম ফ্রোজেন ডেজার্ট
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংস্থা (এফএসএসএআই)-র নিয়ম অনুযায়ী, প্রকৃত আইসক্রিমে নির্দিষ্ট পরিমাণ মিল্ক ফ্যাট বা দুগ্ধজাত চর্বি থাকা বাধ্যতামূলক। এই উপাদানই আইসক্রিমকে আসল স্বাদ ও টেক্সচার দেয়। অন্যদিকে, উৎপাদন খরচ কমাতে বহু সংস্থা মিল্ক ফ্যাটের পরিবর্তে সস্তা উদ্ভিজ্জ তেল, বিশেষ করে পাম অয়েল ব্যবহার করে। এই ধরনের পণ্যকে আইসক্রিম বলা যায় না, তাই নিয়মানুযায়ী প্যাকেটের গায়ে ‘ফ্রোজেন ডেজার্ট’ লিখে বিক্রি করা হয়।
পাম অয়েলের ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকি
পাম অয়েল সস্তা এবং দীর্ঘদিন খাবার ভালো রাখতে সাহায্য করায় বিস্কুট, চিপস ও নুডলসের পাশাপাশি ফ্রোজেন ডেজার্টেও এর দেদার ব্যবহার চলে। তবে খাদ্য বিশেষজ্ঞদের মতে, পাম অয়েলে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। নিয়মিত এই উপাদান শরীরে প্রবেশ করলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে তোলে।
সচেতন ক্রেতা হওয়ার উপায়
খাঁটি পণ্য চেনার সবচেয়ে বড় হাতিয়ার হলো প্যাকেটের লেবেল পরীক্ষা করা। কেনার সময় কয়েক সেকেন্ড সময় নিয়ে উপাদানের তালিকাটি দেখে নেওয়া জরুরি। যদি সেখানে উপাদান হিসেবে পাম তেল, হাইড্রোজেনেটেড উদ্ভিজ্জ তেল বা ভেজিটেবল ফ্যাটের উল্লেখ থাকে, তবে সেটি ফ্রোজেন ডেজার্ট। এছাড়া ঘরে এনে পরীক্ষা করার জন্য এক স্কুপ পণ্য ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া যেতে পারে। আসল আইসক্রিম গলে মসৃণ ক্রিমি তরল তৈরি করে, কিন্তু উদ্ভিজ্জ তেলের ডেজার্ট দ্রুত গলে গিয়ে অনেক সময় তেলের আস্তরণ আলাদা হয়ে যায়। সুস্থ থাকতে তাই বিজ্ঞাপনের চমক নয়, সচেতনভাবে লেবেল দেখেই খাবার বেছে নেওয়া উচিত।
