বল ভেবে লোফালুফি করতেই চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ল টিনের ঘর ও শিশুসহ জখম ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার সকালে চাকুলিয়ার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আহতদের মধ্যে আট বছরের এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খেলার ছলে চরম বিপত্তি
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পাগলপুর এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে কয়েকটি শিশু খেলা করছিল। সেখানে বলের মতো গোলাকার কিছু বস্তু পড়ে থাকতে দেখে শিশুরা সেগুলিকে খেলার বল মনে করে লোফালুফি শুরু করে। তখনই মজুত করে রাখা বোমাটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দিলওয়ার নামের আট বছরের এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে ওই এলাকার আরও দুজন মহিলাসহ মোট তিনজন বোমার আঘাতে জখম হন। ঘটনার পরপরই দিলওয়ারকে উদ্ধার করে প্রথমে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবণতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন। বাকি আহতদের স্থানীয় স্তরেই চিকিৎসা চলছে।
মজুত বোমার উৎস ও নিরাপত্তা সংকট
জনবসতিপূর্ণ এলাকার একটি পরিত্যক্ত ঘরে কারা এবং কী উদ্দেশ্যে এই বিপজ্জনক বিস্ফোরক মজুত করে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক অনুমান, অপরাধমূলক কার্যক্রম বা রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। বিস্ফোরণের খবর পেয়েই চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ এই অবৈধ বোমা মজুতের কারণ ও এর পেছনে থাকা দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বোমা মজুত রাখার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
