সরকারি জমি দখলের অভিযোগে তৃণমূল উপপ্রধানকে লক্ষ্য করে ডিম, প্রাণ বাঁচাতে দৌড় নেতার – এবেলা

এবেলা ডেস্কঃ
উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ ও ডিম ছুড়ে আক্রমণ, প্রাণ বাঁচাতে দৌড় তৃণমূল নেতার
রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আবহে এবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির কোন্নগরে। মঙ্গলবার সকালে কানাইপুর বারজিবি তালতলা এলাকায় রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাজাদ হোসেনকে ঘিরে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ দেখান। অভিযুক্ত নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি চলে দফায় দফায় উত্তেজনা। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে পুলিশি প্রহরায় তাঁকে দৌড়ে পালাতে দেখা যায়।
জমি দখলের অভিযোগ ও উত্তেজনা
স্থানীয়দের অভিযোগ, উপপ্রধান শাহাজাদ হোসেন দীর্ঘ দিন ধরেই সরকারি খাসজমি দখল করে তা চড়া দামে বিক্রি করে দিচ্ছিলেন। মঙ্গলবার বুলডোজার নিয়ে এলাকায় জমি ভরাট করার কাজ শুরু করলে ক্ষোভ চরমে পৌঁছায়। শুধু তাই নয়, ওই এলাকায় নিয়ম ভেঙে রাস্তা তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম চক্রবর্তীর বিরুদ্ধেও আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিজেপি কর্মী ও সাধারণ মানুষ এই ঘটনায় একজোট হয়ে প্রতিবাদে সরব হন।
পুলিশের ভূমিকা ও আটক
ঘটনার তীব্রতা বাড়লে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতির অবনতি দেখে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলেও বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। অন্যদিকে, জমি দখলের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে গৌতমবাবু জানিয়েছেন, তিনি কেন আটক হয়েছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। বর্তমানে এলাকাটিতে চাপা উত্তেজনা বজায় রয়েছে।
