এগিয়ে এল বর্ষা, দক্ষিণবঙ্গের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলায় ইতিমধ্যে পা রেখেছে বর্ষা। দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করার পর এবার তা আরও সক্রিয় হয়ে উঠেছে। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ না করলেও, ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে বৃষ্টির দাপট বেশি থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টি
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ ১৫টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান—এই ছয়টি জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি সহ বাকি নয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করবে।
মূলত মৌসুমী বায়ুর অগ্রগতির কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। তবে এই ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমে যাওয়া এবং যান চলাচল সাময়িক ব্যাহত হওয়ার মতো প্রভাব পড়তে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
