‘ভারতীয় জাহাজে হামলার খবর সম্পূর্ণ ভুয়া!’ জল্পনা উড়িয়ে বড় তথ্য দিল বিদেশ মন্ত্রক – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় বাণিজ্যিক জাহাজের ওপর হামলার খবরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালেও, শেষ পর্যন্ত সেই খবর পুরোপুরি উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ‘লিয়াকি ফ্রিডম’ (Leaky Freedom) নামের ওই জাহাজে গত শনিবার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছিল। কিন্তু কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই গুজবে জল ঢেলে জানান, ছড়ানো খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “আমরা সরাসরি লিয়াকি ফ্রিডম জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনিই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, জাহাজে কোনও ধরনের হামলার ঘটনা ঘটেনি। জাহাজের সমস্ত নাবিক এবং ক্রু সদস্যরা সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদে আছেন।”
উল্লেখ্য, সমুদ্রপথে সাম্প্রতিক কিছু উত্তেজনার আবহে ভারতীয় জাহাজে হামলার এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে বিদেশ মন্ত্রকের এই দ্রুত ও স্পষ্ট বিবৃতির পর স্বস্তির নিশ্বাস ফেলেছে ওয়াকিবহাল মহল।
